দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব আখতার আহমেদ চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন।
ইসির তথ্য অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা মোট ২১২টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন।
দলভিত্তিক ফলাফল অনুযায়ী—
বিএনপি: ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি: ৬টি আসন
বাংলাদেশ খেলাফত মজলিস: ২টি আসন, খেলাফত মজলিস: ৩টি আসন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি): ১টি আসন, গণসংহতি আন্দোলন: ১টি আসন, গণঅধিকার পরিষদ: ১টি আসন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি আসন, স্বতন্ত্র প্রার্থী: ৭টি আসন
ইসি সচিব জানান, ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। এ দুটি আসনের ফল পরবর্তীতে জানানো হবে। এছাড়া শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আগেই স্থগিত করা হয়েছিল।
এই নির্বাচনে বিশাল জয় পাওয়ার মধ্য দিয়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ফলে দলটির নেতৃত্বে পরবর্তী সরকার গঠনের পথ সুগম হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন সংসদ নির্বাচন সম্পন্ন করেছেন।



