আগামীকাল ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়েই এই প্রচারণার সূচনা হবে।
তিনি আজ রাতেই বিমানযোগে সিলেট পৌঁছাবেন এবং গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি বলেন, আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। এছাড়া নির্বাচনী প্রচারণা উপলক্ষে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনী ‘থিম সং’ উন্মোচন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জে নির্বাচনী পথসভা ও সমাবেশে অংশ নেবেন।
এই সফরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতারা তার সফরসঙ্গী থাকবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে।
ড. মাহদী আমিন আরও জানান, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে তারেক রহমান পূর্বে তার বেশ কয়েকটি ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা বজায় রাখবে এবং আচরণবিধি মেনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।



