কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কাটার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বিএনপির প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তিগত স্বার্থে সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে বেড়িবাঁধের পাশে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ধাপে ধাপে কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, নিজ বাড়িতে ব্যক্তিগত গাড়ি চলাচল সহজ করতে গত ৫ আগস্টের পর থেকে এসব গাছ অপসারণ করা হয়। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একদিনে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেন।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি। দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—আইন সবার জন্য সমান, কেউ দলীয় পরিচয়ে আইনের ঊর্ধ্বে নন।

এদিকে, মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক জানান, গাছ কাটার ঘটনায় সরকারহাটি গ্রামের আঙ্গুর মিয়াসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পরদিনই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

দলীয় সিদ্ধান্ত ও আইনি প্রক্রিয়া নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।