জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত। এই নির্বাচনী আবহে নিজের মন্তব্য দিয়ে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী আবদুল কুদ্দুস বয়াতি

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গানের ছন্দেই রাজনৈতিক কটাক্ষ করেন তিনি। পোস্টে বয়াতি লেখেন, “গানকে হারাম বলা দলটাও এখন গানে গানে ভোট খুঁজছে।”

যদিও ওই পোস্টে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। অল্প সময়ের মধ্যেই পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

মন্তব্যের ঘরে অনেকেই কুদ্দুস বয়াতির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটিকে ব্যঙ্গাত্মক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন বলেও মন্তব্য করেছেন।