এক দশকেরও বেশি সময় পর আবারও ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ জানুয়ারি থেকে এই রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সপ্তাহে দুটি সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের পাশাপাশি এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।
বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের অধিকাংশই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ব্যবহার করে গন্তব্যে পৌঁছান। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা সময় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিমানের প্রতিনিধিরা জানান, ঢাকা–করাচি রুট পুনরায় চালুর বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে গত কয়েক মাস ধরে আলোচনা চলছিল। ২০১২ সালে এই রুটে ফ্লাইট বন্ধ হওয়ার পর এবারই প্রথম সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে।
সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রী চলাচলের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।



