আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সকল বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে স্থানীয় থানায় জমা দিতে হবে

গত রোববার (১৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

তবে প্রজ্ঞাপনে ব্যতিক্রমও রাখা হয়েছে। ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও নির্বাচনী প্রার্থী এবং তাদের অনুমোদিত সশস্ত্র রিটেইনারদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেশের সব পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় আগ্নেয়াস্ত্র জমা ও বহন নিষেধাজ্ঞা সহিংসতা ও ভয়ভীতির আশঙ্কা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনী নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, সুষ্ঠু তদারকি ও নজরদারি নিশ্চিত হলে ভোটের পরিবেশ আরও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে।