নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জ জেলার একটি বড় সমস্যা ছিল দুর্নীতি। কারা দুর্নীতি করেছে, কীভাবে করেছে— এসব বিষয়ে জনগণ অবগত রয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরে অন্তত ২০টি স্পট রয়েছে, যেখানে প্রকাশ্যে মাদকের ব্যবসা চলে। এসব কার্যক্রম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্নীতিকেও নিয়ন্ত্রণ করতে চায় বিএনপি। মা-বোনরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে কাঁচপুরে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি আরও বলেন, যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে দেশি ও বিদেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও বিএনপির অন্যতম লক্ষ্য।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।