আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন নতুন শিল্প স্থাপন করে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, গাজীপুর শুধু একটি শিল্পনগরী নয়, এটি বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী। এই খাতে লাখ লাখ মা-বোন ও ভাই কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন। বিএনপি সরকারই প্রথম বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। দেশের খেটে খাওয়া মানুষের জন্য বিএনপিই কাজ করে এসেছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচনে বিএনপি জয়ী হলে গার্মেন্টস শিল্পের মতো আরও নতুন শিল্প আনা হবে, যেখানে বিপুলসংখ্যক মা-বোন ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
প্রায় ২০ বছর ৯ মাস পর গাজীপুরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালের মার্চে তিনি গাজীপুরে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন।
এর আগে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এক জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। অথচ ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়কালে তাদের দুজন মন্ত্রী সরকারের অংশ ছিল। যদি তখন দুর্নীতি হতো, তাহলে তারা কেন পদত্যাগ করেনি—সে প্রশ্নও তোলেন তিনি। তারেক রহমান দাবি করেন, খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে যাচ্ছে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে এবং জবাবদিহিমূলক সরকার গঠনের জন্য ভোটের অধিকার প্রয়োজন।
তারেক রহমান আরও বলেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়ে গেছে, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। ‘আমি-ডামি নির্বাচন’ হয়েছে, ফলে জনগণের কথা শোনার মতো কেউ ছিল না।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের অর্ধেকের বেশি মানুষ নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এজন্য পরিবারকে সহায়তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলেন তিনি। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সার ও কীটনাশক সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগে তিনি নিজে জনগণের পাশে থাকবেন বলেও উল্লেখ করেন।



