ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ভেতরে ভোটাররা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। নির্বাচন কমিশন গত রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ফোন নেওয়া যাবে না।”
যদিও সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ, তিন ধরনের দায়িত্বশীল ব্যক্তি ভোটকেন্দ্রে ফোন নিয়ে যেতে পারবেন। তারা হলেন: প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য।
এবারের নির্বাচন আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪.৩০টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ৬৪ জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি; ভোটকক্ষের সংখ্যা প্রায় আড়াই লাখ।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হবে। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট গ্রহণ হবে না। নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল।



