আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে চট্টগ্রাম-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
তিনি বলেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম, কোনোভাবেই তা জায়েজ নয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত আলেম সমাজের উদ্দেশে হেফাজত আমির বলেন, “মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও মওদুদি। আমার কাছে এটি শুধু নির্বাচন নয়, এটি জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’। সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম—এটা কোনোভাবেই জায়েজ নয়।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তারা দ্বীনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই এই বাতিল শক্তির উত্থান ঠেকাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা এবং বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



