চলতি বছরের রমজান মাস শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের উপস্থিতিতে এই সময়সূচি চূড়ান্ত করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, যদি ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজান হয়, তাহলে ঢাকায় সেহরির শেষ সময় হবে ভোর ৫টা ১২ মিনিট এবং ইফতার করা যাবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণে ঢাকার সময়ের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করতে হবে।
দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, হিজরি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখা অনুযায়ী এই সময়সূচি একদিন আগে বা পরে হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিক্রম করছে এবং ইতোমধ্যে রমজানের প্রস্তুতি শুরু হয়েছে।



