ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার রাতে কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ গেজেট জারি করেন।

গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের মধ্য দিয়ে এখন নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে আগামী সোমবার অথবা মঙ্গলবার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে।

তবে সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অথবা তাঁর মনোনীত ব্যক্তির। তিন দিনের মধ্যে স্পিকার শপথ না পড়ালে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি শপথ পড়াতে পারবেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শুক্রবার ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত প্রকাশ করা হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

বিস্তারিত গেজেট দেখতেঃ গেজেট