দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস মিলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে জোটগতভাবে ২১২টি আসনে জয় পেয়েছে দলটি। এর মধ্যে ধানের শীষ প্রতীকে এককভাবে জয় এসেছে ২০৯টি আসনে। দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে দলটি।

বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন—এ প্রশ্নের জবাবও অনেকটাই স্পষ্ট। দলটির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হয়ে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে আছেন। দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠন করলে তিনিই নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন দুই নারী নেতা—খালেদা জিয়া ও শেখ হাসিনা। ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন দেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং পরবর্তী নির্বাচনগুলোতে পর্যায়ক্রমে খালেদা জিয়া ও শেখ হাসিনাই সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ তিন দশকের বেশি সময় পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে পারেন—এমন সম্ভাবনাই এখন সামনে।

উল্লেখযোগ্যভাবে, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া একাধিক আসনে জয়ী হয়ে আলোচনায় আসেন। একইভাবে, তাঁর ছেলে তারেক রহমানও প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দুই আসনে জয় পেয়েছেন। রাজনৈতিক মহলে মা-ছেলের এই সাফল্যের সাদৃশ্য নিয়ে আলোচনা চলছে।

এখন দৃষ্টি বঙ্গভবনের দিকে—কবে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার শপথ নেবে এবং দেশের রাজনীতিতে নতুন নেতৃত্বের সূচনা হবে, সেটিই দেখার বিষয়।