খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সকালে   ছবি: নোমান 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন তাঁর নাতনি জাইমা রহমান।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবরে যান। তাঁদের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তাঁর মেয়ে জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

কবর জিয়ারতের সময় তাঁরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে পরিবারের সদস্যরা স্থান ত্যাগ করেন।

ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত রাখা হয়। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগের দিন বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন।