সুইজারল্যান্ডের অভিজাত শহর ক্রঁস-মঁতানার একটি স্কি রিসোর্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার সুইস পুলিশের বরাত দিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইস পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত একটি পার্টির সময় এই দুর্ঘটনা ঘটে। তবে আগুনটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, দগ্ধ হওয়ার মাত্রা অত্যন্ত গুরুতর হওয়ায় নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এর আগে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সুইস পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার রাত ১টা ৩০ মিনিটে ‘কনস্টেলেশন’ নামের একটি পানশালায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
সংবাদ সম্মেলনে ভালাইস ক্যান্টোনাল পুলিশের প্রধান ফ্রেডেরিক গিসলার বলেন, “এই ঘটনায় আমরা সবাই গভীরভাবে হতবাক।” তিনি জানান, হতাহতদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ক্রঁস-মঁতানা স্কি রিসোর্ট এলাকায় নো-ফ্লাই জোন জারি করা হয়েছে। উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
সুইস সংবাদমাধ্যম ব্লিকের খবরে বলা হয়েছে, কনসার্ট চলাকালে আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্রঁস-মঁতানা সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় ও অভিজাত স্কি রিসোর্ট। এখানে প্রায় ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে। রিসোর্টটি রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার পথ। চলতি জানুয়ারির শেষ দিকে এখানে এফআইএস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে।



