‘বহুমাত্রিক বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী এ আয়োজনের পর্দা উঠছে।
দুপুর ২টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমি-এর সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান।
আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে বইমেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে সময়সূচি হবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
মেলায় বাংলা একাডেমিসহ অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করবে। বাংলা একাডেমির প্রকাশিত বই ও পত্রিকা বিক্রির জন্য মেলার উভয় অংশেই পৃথক স্টল রাখা হয়েছে।
এবারের আয়োজনে অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর অংশ নিয়েছিল ৭০৮টি প্রতিষ্ঠান এবং বরাদ্দ ইউনিট ছিল ১ হাজার ৮৪টি।
বিশেষ আকর্ষণ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বর সাজানো হয়েছে। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনের জন্য স্টল বরাদ্দ রয়েছে।
পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে আয়োজকরা এবারের বইমেলাকে ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে আয়োজনের ঘোষণা দিয়েছেন। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপানমুক্ত রাখা হবে। স্টল, মঞ্চ, ব্যানার, লিফলেট ও খাবারের দোকানে পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব উপকরণ—যেমন পাট, কাপড় ও কাগজ—ব্যবহারের আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের প্রতি।
প্রতিবছরের মতো এবারও বইপ্রেমীদের মিলনমেলায় রূপ নিতে যাচ্ছে অমর একুশে বইমেলা।



