এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণের  সময় বৃদ্ধি

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শেষ হবে আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬। আর সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬–এর জন্য অনলাইনে টিসি ও পিসি নম্বর প্রেরণ, ফরম পূরণ এবং প্রয়োজনীয় ফি জমা দেওয়ার সময় ও নিয়মাবলি বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে টিসি ও পিসি নম্বর এন্ট্রি করা যাবে। একই সময় পর্যন্ত শিক্ষার্থীরা বিনা বিলম্ব ফিতে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

এ ছাড়া ৬ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০০ টাকা বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে। আর ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠান জরিমানা ফি ২ হাজার ৫০০ টাকা ও বিলম্ব ফি ৩০০ টাকাসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে।

ফরম পূরণের নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ ২০২৬ পর্যন্ত জমা দেওয়া যাবে।