বাংলাদেশের ব্যাংকগুলোতে ঋণ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে বেশ জটিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সব আইন একসঙ্গে পরিবর্তন করা সম্ভব না হলেও ঋণ প্রক্রিয়া সহজীকরণ করা যায়। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসনে অনুষ্ঠিত ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, আগের সরকার তথাকথিত উন্নয়নের নামে পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে। আগামী সরকার পরিবেশ রক্ষায় গুরুত্ব দেবে। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খনন এবং পাঁচ বছরে ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

চাঁদাবাজি বন্ধে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, বিএনপি বিষয়টিকে দুইভাবে দেখে—একটি প্রফেশনাল ক্রিমিনাল এবং অন্যটি সিজেনাল ক্রিমিনাল। সরকার প্রশাসনকে যদি স্পষ্ট বার্তা দেয় যে সন্ত্রাস ও দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না, তাহলে সঙ্গে সঙ্গে অন্তত ৩০ শতাংশ অপরাধ ও দুর্নীতি কমে যাবে। বাকি অংশ প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারী-পুরুষ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে তরুণ শিক্ষার্থী ও উদ্যোক্তাদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।