২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা, যা শেষ হবে ২০ মে। *২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন দেখুন এখানে
বোর্ডের রুটিনে জানানো হয়েছে, এবছর বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষার নম্বরসহ হাতে লেখা নম্বরফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে ১৮ জুনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনাগুলো নিচে তুলে ধরা হলো—

পরীক্ষার্থীদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা:

১. পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা গ্রহণ করা হবে; উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাবে।

৬. উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক—প্রতিটি অংশে পৃথকভাবে পাস করতে হবে।
৮. পরীক্ষার্থীরা কেবল নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়গুলোতেই পরীক্ষায় অংশ নিতে পারবে। ভিন্ন বিষয়ে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।
৯. পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সব পরীক্ষার্থীর কাছে প্রবেশপত্র পৌঁছানোর দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।
১০. বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর পরীক্ষায় ব্যবহার করা যাবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ বা কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না।
১২. সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।