আন্তর্জাতিক সমুদ্রে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দের ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে চীন।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাষ্ট্র অকারণে বিদেশি জাহাজ আটক করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, উত্তর আটলান্টিক মহাসাগরে ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনের’ অভিযোগে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করা হয়েছে। একই সময় ক্যারিবীয় সাগরে আরেকটি জাহাজও আটক করা হয় বলে জানানো হয়।
জব্দ করা প্রথম জাহাজটির আগের নাম ছিল বেলা–১। ভেনেজুয়েলার ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে জাহাজটিকে প্রায় দুই সপ্তাহ ধরে আটলান্টিক মহাসাগরজুড়ে অনুসরণ করা হয়। পরে জাহাজটির নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয় এবং সেটির রেজিস্ট্রেশন রাশিয়ায় করা হয়।
এ বিষয়ে মাও নিং আরও বলেন, চীন একতরফাভাবে আরোপিত ভিত্তিহীন নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া গৃহীত কোনো পদক্ষেপের বিরোধিতা করে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য ও নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।



