দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী একযোগে ভোটগ্রহণ শুরু হয়। অধিকাংশ কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। “সোনাতলা, ওয়ার্ড নং ৪, পাবনা-২ আসনের আমিনপুর (সুজানগর) এলাকায় দেশের অন্যান্য স্থানের মতো শান্তিপূর্ণ ও ভালোভাবে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে।”

পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনের সোনাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন ঢাকা-১৭ আসনের ধানের শীষ কেন্দ্রীয় শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক কমিটির  সদস্য এস এম মুস্তাফিজুর রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর আয়োজিত এই নির্বাচনে প্রায় পৌণে ১৩ কোটি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্ধারণে অংশ নিচ্ছেন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

অনেকের মতে, এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি দীর্ঘ সময় পর গণতান্ত্রিক চর্চায় সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একইসঙ্গে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবের ওপর ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার সুযোগও পাচ্ছেন ভোটাররা।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

–  সাকিব – জেলা প্রতিনিধি