তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার রেখে যাওয়া দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি—যেখানে আমার মায়ের পথচলা থেমে গেছে, সেই পথকে আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”
মাকে চিরবিদায় জানানোর মুহূর্ত নিয়ে তিনি আরও লিখেন,
“গভীর শোক ও কৃতজ্ঞতার আবেগ নিয়ে আমি আমার প্রিয় মা—জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় বর্ণনা করার মতো নয়। তবে এই কঠিন সময়ে দেশের মানুষের ভালোবাসা আমাকে একা হতে দেয়নি।”
জানাজায় বিপুল মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন,
“অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করেছে। লক্ষ-লক্ষ মানুষের উপস্থিতি ও শ্রদ্ধা আমাকে মনে করিয়ে দিয়েছে—তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির প্রেরণা।“
বিদেশি অতিথি ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান লেখেন,
“দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানিয়েছেন। যারা সমবেদনা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বাবা ও ভাইকে স্মরণ করে তিনি জানান,
“এই শোকের মুহূর্তে আমি আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে—নিকটজন হারালেও পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে দাঁড়িয়েছে।”
সবশেষে তিনি দোয়া চেয়ে লিখেন,
“আল্লাহ যেন আমার মায়ের রূহকে শান্তি দান করেন। তিনি যে ভালোবাসা, ত্যাগ ও উদারতার দৃষ্টান্ত রেখে গেছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই।”



