প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে: জেনারেল এস এম কামরুল হাসান।

সভায় প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি দায়িত্বশীল ও গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন এবং দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ধৈর্য ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়গুলোরও বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।