জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাইকে হেফাজত আমিরের মোবারকবাদ
জামায়াতের খপ্পর থেকে বেরিয়ে এসে তাদের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলটির আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফিজাহুল্লাহ)।
গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা-বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলনের আমীর ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে তিনি আন্তরিক মুবারকবাদ জানান।
বিবৃতিতে হেফাজত আমীর পুনরায় আহ্বান জানান, ইসলামের নামে মওদুদীবাদী ভ্রান্ত আকীদা পোষণকারীদের ভোট না দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, “৫ আগস্ট-পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গঠনের লক্ষ্যে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে। আমরা শুরু থেকেই মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি এবং ঈমান-আকীদার প্রশ্নে আপস করে কোনো জোটে না যাওয়ার ব্যাপারে সতর্ক করেছি।”
আল্লামা বাবুনগরী বলেন, “আলহামদুলিল্লাহ, মওদুদীবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করতে পেরেছে। ইসলামী রাজনীতিতে হকপন্থীদের স্বতন্ত্র পথচলা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ইনশাআল্লাহ, এই সিদ্ধান্ত ভবিষ্যতে ইসলামপন্থী রাজনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের সঙ্গে থাকার কারণে এ দেশে ইসলামপন্থী রাজনীতির বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের একক পথচলার সিদ্ধান্ত সে ক্ষতির পথ অনেকটাই রুদ্ধ করবে বলে আমি আশাবাদী। এই সাহসী পদক্ষেপের জন্য ইসলামী আন্দোলনের আমীর ও দলটিকে আবারও বিশেষভাবে মোবারকবাদ জানাই।”
বিবৃতিতে হেফাজত আমীর আরও বলেন, হেফাজতে ইসলাম বরাবরের মতো আগামী নির্বাচনেও কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না। তিনি আশা প্রকাশ করেন, জনগণ নিরেট ইসলামপন্থাকে ধারণকারী শক্তিকেই ভোট প্রদান করবে। একই সঙ্গে তিনি ইসলামের নামে মওদুদীবাদ ও বিভিন্ন ভ্রান্ত আকীদা পোষণকারীদের আগামী নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান।
এছাড়া, আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে পথ চলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন হেফাজত আমীর।



