সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভাছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু, নেতা–কর্মীদের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জনসভা শুরুর কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা–কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

গতকাল বুধবার রাত থেকেই আলিয়া মাদ্রাসা মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে এবং ত্রিপল পেতে শুয়ে–বসে রাত কাটান অনেক নেতা–কর্মী। আজ সকাল থেকে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে দলীয় নেতা–কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন।

সকাল সাড়ে আটটার দিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এ সময় তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীরা ‘খেজুরগাছ, খেজুরগাছ’ স্লোগান দিতে দিতে মাঠে প্রবেশ করেন।

মিছিলে অংশ নেওয়া কানাইঘাট উপজেলার বাসিন্দা ফখরুল ইসলাম জানান, তাঁরা গতকাল রাতে ছয় থেকে সাতটি বাসে করে সিলেট শহরে পৌঁছান। ভোরে নগরের সোবহানীঘাট এলাকায় একত্র হয়ে সেখান থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন।

একই মিছিলে উপস্থিত মামুনুর রশীদ বলেন, সিলেট-৫ আসনে জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকও সকালে জনসভায় যোগ দিয়েছেন।

এ ছাড়া সিলেটের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী সমাবেশস্থলে উপস্থিত হন।

সকাল আটটার দিকে হলুদ টুপি পরা আটজন তরুণকে মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের একজন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা মোবারক মিয়া বলেন, তাঁরা সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে গতকাল রাতেই সিলেটে এসেছেন। তাঁদের সঙ্গে পাঁচ শতাধিক নেতা–কর্মী ও সমর্থক রয়েছেন।

গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম জানান, তিনি তিন শতাধিক নেতা–কর্মী নিয়ে জনসভায় যোগ দিয়েছেন।

জনসভায় অংশ নেওয়া নেতা–কর্মীদের অনেককে ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত গেঞ্জি, ব্যানার, ফেস্টুন এবং সিলেট ও আশপাশের জেলার দলীয় নেতাদের ছবি বহন করতে দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি নগরের উপকণ্ঠে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতা–কর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থানের পর তারেক রহমান সিলেট বিমানবন্দর–সংলগ্ন একটি হোটেলে ফিরে যান।