চন্দ্র ও সৌর ক্যালেন্ডারের বিরল সামঞ্জস্যের ফলে ২০৩০ সালে একই বছরে দুইবার পবিত্র রমজান মাস পালনের সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা। সে অনুযায়ী, ওই বছরের জানুয়ারিতে একবার রমজান পালিত হওয়ার পর ডিসেম্বর মাসে আবার শুরু হবে রমজান।
জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামি পণ্ডিতদের ব্যাখ্যা অনুযায়ী, এই ঘটনাটি ঘটছে ইসলামি চন্দ্র ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান (খ্রিষ্টীয়) ক্যালেন্ডারের মধ্যকার সময়গত পার্থক্যের কারণে। ইসলামি ক্যালেন্ডার সৌর বছরের তুলনায় প্রায় ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছর রমজান মাস ধীরে ধীরে এগিয়ে আসে।
ইসলামি বর্ষপঞ্জির ১৪৫১ হিজরি অনুযায়ী, ২০৩০ সালে রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৫ জানুয়ারি। একইভাবে ১৪৫২ হিজরির রমজান মাস শুরু হতে পারে ২৬ ডিসেম্বর। ফলে ১৪৫২ হিজরির রমজানের প্রথম ছয় দিন পড়বে ২০৩০ সালেই।
বিশ্বজুড়ে প্রচলিত গ্রেগরিয়ান বর্ষপঞ্জি সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে গঠিত, যেখানে একটি সৌর বছরের দৈর্ঘ্য ৩৬৫ দিন। অপরদিকে ইসলামি ক্যালেন্ডার চাঁদের আবর্তনচক্রের ওপর নির্ভরশীল এবং একটি চন্দ্র বছর হয় ৩৫৪ দিনের। এই প্রায় ১১ দিনের পার্থক্যের কারণেই ইসলামি মাসগুলো সময়ের সঙ্গে সঙ্গে চার ঋতুর মধ্যে ঘুরে বেড়ায়।
এর আগে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস পালিত হয়েছিল ১৯৯৭ সালে। জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের পর পরবর্তীবার এমন ঘটনা ঘটতে পারে ২০৬৩ সালে।
এদিকে চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। স্থানীয় জ্যোতির্বিদদের তথ্যমতে, ১৮ জানুয়ারি শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম বিশ্বের অনেক অঞ্চলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রজব মাসকে রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচনা করা হয়।



