রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান পরিচালিত হয়। অভিযানের লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও অন্যান্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলিত অভিযানে মোট ৯৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযানে ৫৪ জনকে আটক করে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেপ্তারদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, হত্যা মামলায় একজন, চাঁদাবাজির মামলায় চারজন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন এবং অন্যান্য অভিযোগে ৪৪ জন রয়েছেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



