দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।এদিকে  ঢাকা-১৭ আসনে গিয়ে দেখা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে ভোটার ও নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর আয়োজিত এ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রায় পৌনে ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে অংশ নিচ্ছেন। ২৯৯টি সংসদীয় আসনে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এবারের ভোট কেবল জনপ্রতিনিধি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সংবিধান সংস্কার সংক্রান্ত প্রশ্নেও ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। অনেকেই এই নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং প্রায় ৮ লাখ নির্বাচনি কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। পাশাপাশি প্রায় ৩৫ হাজার দেশীয় পর্যবেক্ষক এবং সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩১ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে বিএনপি, তারা ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে।

এদিকে বিভিন্ন কেন্দ্রের সাথে ঢাকা-১৭ আসনে নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির আইন উপকমিটির প্রধান আহ্বায়ক আশরাফ খান মননের নেতৃত্বে কমিটির সদস্যরা মোবাইল মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন। কেন্দ্রভিত্তিক পরিস্থিতি তদারকি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণে তারা সক্রিয় রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।