রাজধানী ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে নারীরা নিরাপদে বসবাস করতে পারবেন।
রোববার (৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। আন্তর্জাতিক নারী দিবসে তিনি সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, শত অত্যাচারের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও সাহসী।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জন বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন ‘অদম্য নারী’ হিসেবে পুরস্কার গ্রহণ করেন।



