বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই দূষণের মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে। মাঝে মাঝে বায়ুমানে সামান্য উন্নতি দেখা গেলেও সম্প্রতি রাজধানীর বাতাসে আবারও দূষণের মাত্রা বেড়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তথ্যানুযায়ী, ২৫৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এ মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ১৯২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। চীনের উহান শহর ১৯০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এ ছাড়া রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ও ভারতের দিল্লি যথাক্রমে ১৮২ একিউআই স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোরের বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সুস্থ ব্যক্তিদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানানো হয়। আর একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।