খুচরা বাজারে মোটা চালের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক মানুষের নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মোটা চালের দাম বাড়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার প্রতিরোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।



