ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানকে ঘিরে দেশি-বিদেশি পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে।

সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতি নিশ্চিত করতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এই আমন্ত্রণ পাঠানো হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ করে তুলতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে—চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে।

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানও একই দিনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সরকার গঠনের আনুষ্ঠানিকতা ও শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ এবং কূটনৈতিক পর্যায়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।