নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর একটি অংশ সহায়তামূলক দায়িত্বে মাঠে থাকবে।

রোববার অনুষ্ঠিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সেনাপ্রধান নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সংবেদনশীল ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সেনাবাহিনীর দক্ষ ভূমিকা দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতার সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশ ও জনগণ এই অবদান স্মরণে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। নতুন সরকার শপথ নেওয়ার পর নিয়ম অনুযায়ী সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাবেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

বক্তব্যের একপর্যায়ে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ প্রতিদান। তিনি সেনাসদস্যদের সব পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।