বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আগামীর দিন মানুষের ভাগ্য গড়ার দিন, আগামীর দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে দেশ উন্নয়নের রাজনীতি। এই দেশ কোনো দলের নয়, এই দেশ কারও ব্যক্তিগত সম্পত্তিও নয়—এই দেশ কোটি মানুষের।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দরুন–চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা এই দেশের মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দিতে চাই। দেশের কৃষক ভাইদের স্বাবলম্বী করার জন্য তাদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই। এই মুহূর্তে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ রয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হবে।”
তিনি বলেন, “১২ তারিখে আপনারা সঠিক ব্যক্তি ও সঠিক মার্কার পক্ষে রায় দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন।”
তিনি আরও বলেন, “স্বাভাবিকভাবেই গত ১৫–১৬ বছরে আমরা দেখেছি, সারা বাংলাদেশে গ্রাম-গঞ্জ থেকে শুরু করে আনাচে-কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। এলাকার উন্নয়ন ও ন্যায্য দাবি-দাওয়া থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। ঢাকাসহ কিছু বড় শহরে কিছু মেগা প্রকল্প হয়েছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি। সেই সময় খুন, গুম, মিথ্যা মামলা ও গায়েবি মামলার ঘটনাও ঘটেছে।”
তারেক রহমান বলেন, “আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আবার এই ভোটের অধিকার কেড়ে নেওয়া না যায়। এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের প্রকৃত মালিক এই দেশের জনগণ। ১২ তারিখে জনগণই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ তারিখ থেকেই দেশ গড়ার কাজ শুরু করব।”
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। পরে বিএনপির চেয়ারপারসন জেলার আটটি আসনের দলীয় প্রার্থীদের জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। জনসভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।



