বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যার দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। বিএনপি ছাড়া বর্তমানে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে—এমন অভিজ্ঞতাসম্পন্ন কোনো দল নেই। শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, মানুষ তার ওপরই ভরসা করে—যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরই ভরসা করে—যার ওপর ভরসা করা যায়। মানুষ তার ওপরই ভরসা করে—যে বিপদের সময় মানুষকে ফেলে রেখে চলে যায়নি। এসব গুণ একমাত্র বিএনপির মধ্যেই রয়েছে।”
তিনি আরও বলেন, “কাজেই আজ যদি আমাদের দেশ গড়তে হয়, যদি বিশ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির চেয়ারপারসন বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কেউ আবার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।”



