ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতের মুখে এক কথা, কাজে আরেক কথা। আমাদের সামনে এক কথা বলে, আর গোপনে ভারত ও আমেরিকার সঙ্গে বৈঠক করে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিদেশিদের সঙ্গে বৈঠক হতেই পারে— কিন্তু তা গোপন কেন? এই গোপনীয়তার মধ্যেই ‘ডাল মে কুচ কালা হ্যায়’। বাংলাদেশের মানুষ বিষয়টি বুঝে গেছে।

শুক্রবার রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আর ধোঁকা দিয়ে আমাদের বিভ্রান্ত করা যাবে না। আমরা একা নই—আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আছেন ওলামা-আলেম ও সাধারণ জনগণ। তিনি বলেন, ইসলামের নীতি ও আদর্শের ওপর অটল থাকলে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার পথে এগোচ্ছে, তখন আমরা বিষয়টি উপলব্ধি করি এবং কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই। ইসলামকে বাংলার জমিনে উঁচু করার জন্য এবং মানবতা রক্ষার লক্ষ্যে আমরা ঘোষণা দিয়েছি—ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ইসলামের পথে একাই নির্বাচনে অংশ নেবে।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা বাংলাদেশকে পরিবর্তন করব, ইনশাআল্লাহ একে সোনার দেশে পরিণত করব।

নরসিংদী সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।