বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত দায়িত্বশীল ও যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম হবে।
সোমবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দলীয় প্রার্থিতা বাতিল, পোস্টাল ব্যালটসহ নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে দলের অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনী প্রক্রিয়ায় বাছাইয়ের সময় কিছু সমস্যা থাকে, এটা নতুন নয়। আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনকে দেখেছি, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “যেসব বিষয় নিয়ে আমাদের আপত্তি ছিল, সেগুলো আমরা গতকাল কমিশনের সামনে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে পারবে।”
মাঠপর্যায়ে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির মহাসচিব বলেন, “আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ নেই।”
জিয়াউর রহমানের অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তথাকথিত ‘বটমলেস বাস্কেট’ হিসেবে চিহ্নিত বাংলাদেশকে তিনি একটি সম্ভাবনাময় অর্থনীতির পথে এগিয়ে নেন।
মির্জা ফখরুল আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি শপথ নিয়েছে। “এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গসংগঠনগুলো শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাবে,” বলেন তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



