ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ড মোতায়েনের পাশাপাশি স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরও দায়িত্বে রাখা হবে।

পরিপত্র অনুযায়ী, ভোটের চার দিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এবং তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, মেট্রোপলিটন এলাকায় প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ জন সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭ জন সদস্য দায়িত্বে থাকবেন। মেট্রোপলিটনের বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া পার্বত্য ও দুর্গম এলাকার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।