নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই দিনে তিনি ময়মনসিংহের ত্রিশালে দেশের ক্রীড়াঙ্গনের একটি মাইলফলক প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রোববার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাপ্রধান এসব কথা বলেন। ময়মনসিংহ সফরের শুরুতেই তিনি সভায় বক্তব্য রাখেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সেনাপ্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের অবশ্যই পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য প্রত্যেক সেনাসদস্যকে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শনের নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক হবে।