নির্বাচন

 

আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। এ ক্ষেত্রে কোনো আসনে কোনো দলের একাধিক প্রার্থী থাকলে, দলকে একজনকে চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সময়ে স্বতন্ত্র প্রার্থীরাও চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সোমবার নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এ তথ্য জানান।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ে সারা দেশে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন, যেখানে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়।

৩০০ সংসদীয় আসনে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। এরপর ৬৪৫ জন প্রার্থী আপিল করেন। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত টানা নয় দিনের শুনানিতে চার শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ৫০০ জন।