বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান।

এদিকে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন। এ আয়োজন উপলক্ষে দেশ-বিদেশের হাজারও অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। টানা তিনটি সংসদ—অর্থাৎ প্রায় ১৫ বছর পর—বিএনপির নেতারা সংসদ ভবনে প্রবেশ করলেন। ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের পর এবারই প্রথম দলটি সংসদে কার্যকরভাবে অংশ নিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

ভোটের হিসাবে ধানের শীষ প্রতীকে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট—এ তথ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।