ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য তেমন কোনো কাজ হয়নি। মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও সম্প্রসারিত হয়েছিল, কিন্তু বর্তমানে সেই বরেন্দ্র প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। ক্ষমতায় গেলে এই প্রকল্প পুনরায় চালু করা হবে। পাশাপাশি খাল খনন এবং পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে তিনি পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। ব্যারেজটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাজশাহীর আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির কথাও বলেন।
এ লক্ষ্যে উত্তরাঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

তিনি আরও বলেন, দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি অন্য কোনো দিকে যাবে—সে সিদ্ধান্ত জনগণকে ১২ তারিখে নিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে না পারলে মেগা প্রকল্প কিংবা জনগণের প্রকল্প কোনোটিই বাস্তবায়ন সম্ভব নয়। যেকোনো মূল্যে গণতন্ত্রের পতাকা ধরে রাখতে হবে।
তার বক্তব্যে তারেক রহমান স্পষ্ট করে বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের ঝগড়া-বিবাদে যেতে চায় না। সে কারণেই তিনি কারও সমালোচনায় যাননি। তিনি বলেন, ‘আমি যদি কারও সমালোচনা করি, তাতে কার লাভ হবে? এতে কি মানুষের পেট ভরবে?’
কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের আইন অনুযায়ী সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার কথাও বলেন।



