জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জনগণ যদি জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেয়, তবে শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, “আমরা বিভক্তি চাই না। সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই।”
তিনি আরও বলেন, অতীতে যারা ১০ টাকা কেজি চালসহ নানা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে, তাদের পরিণতি জনগণ দেখেছে। এখনো যারা জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তাদেরও জনগণ প্রত্যাখ্যান করবে।
জামায়াত সরকার পরিচালনার সুযোগ পেলে আর কেউ সরকারি কোষাগার থেকে অর্থ লুটপাট করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না; সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। তিনি দাবি করেন, জামায়াতের নেতা-কর্মীরা অতীতে কখনো চাঁদাবাজি করেনি, বর্তমানেও করে না এবং ভবিষ্যতেও করবে না।
নারীদের বিষয়ে তিনি বলেন, নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গঠনে অংশ নেবেন। কেউ যদি নারীদের সম্মানহানি করার চেষ্টা করে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আমরা যুবকদের বেকার দেখতে চাই না। বেকার ভাতা দিয়ে নয়, যুবকদের দক্ষ ও কর্মক্ষম করে তুলতে চাই। যুবক-যুবতীদের হাতে কাজ তুলে দিতে চাই।”
তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বগুড়া জেলার সাতটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন।
জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশ নেন। এর আগে সকালে গাইবান্ধা থেকে বগুড়ায় এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের পথসভায় বক্তব্য দেন তিনি।



