নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ভাতা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিকভাবে এই কর্মসূচি শুরু করা হবে। পরে তা পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, নির্বাচনের আগে দলের অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদভিত্তিক ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানি ভাতা প্রবর্তন করা। সরকার দায়িত্ব গ্রহণের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্দিষ্ট কিছু এলাকায় কার্যক্রম চালু করে পরবর্তীতে তা সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান–এর তৃতীয় কর্মদিবস। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব আরও জানান, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী। কর্মসূচির শুরুতে কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং করেন এবং বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।



