আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমরা ভাবনা বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে তিনি সেগুলোর জবাব দেন।

তারেক রহমান বলেন, “আমাদের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা নিশ্চিত করা। মানুষ যেন রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে, কথা বলতে পারে—এটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতিকে যেভাবেই হোক মোকাবিলা করতে হবে।”

তিনি বলেন, দুর্নীতির ধরন ও মাত্রা বিভিন্ন পর্যায়ে ভিন্ন। সেসব পর্যায়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। “এই দুই বিষয়—আইনশৃঙ্খলা ও দুর্নীতি—যদি আমরা ভালোভাবে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে দেশের অন্যান্য অনেক সমস্যার সমাধান স্বাভাবিকভাবেই হয়ে যাবে। এটাই আমার পরিকল্পনা,”—বলেন তিনি।

আলোচনায় ফ্যামিলি কার্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন, স্বামীহারা নারী, একক মা ( সিঙ্গেল মাদার ), কিংবা বিভিন্ন সামাজিক সমস্যায় থাকা নারীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি বলেন, বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ১৩৮টি প্রকল্প চালু রয়েছে, কিন্তু সেগুলো সঠিকভাবে সমন্বিত নয়। ফলে কেউ একাধিক সুবিধা পাচ্ছেন, আবার কেউ কোনো সুবিধাই পাচ্ছেন না। “আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই ব্যবস্থাকে সংগঠিত করতে চাই,”—বলেন তিনি।

ফ্যামিলি কার্ডকে একটি সার্বজনীন ব্যবস্থার আওতায় আনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, একজন কৃষকের স্ত্রী যেমন এই সুবিধা পাবেন, তেমনি একজন ভ্যানচালকের স্ত্রী কিংবা একজন সরকারি কর্মকর্তার স্ত্রীও পাবেন। এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বৈষম্য কমানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।